
সিনিয়র রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সরকারি পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। নির্বাচনের পরদিন শুরু হওয়া এ সংকট এখনো অব্যাহত থাকায় জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। ঘরের রান্নাবান্না, হোটেল–রেস্টুরেন্ট, বেকারি ও ক্ষুদ্র শিল্পকারখানাগুলো কার্যত বিপাকে পড়েছে।
এরই মধ্যে পবিত্র রমজানের প্রথম রোজা শেষ হয়েছে। রমজান শুরু হওয়ার পর গ্যাসের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়েছে। ইফতার ও সেহরির প্রস্তুতিতে প্রতিদিন অতিরিক্ত রান্নার প্রয়োজন হওয়ায় পরিবারগুলো আরও বেশি সংকটে পড়েছে।
সরকারি গ্যাস না থাকায় মানুষ এখন এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভর করছেন। সরেজমিনে উপজেলার বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডার ২০০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত খুচরা মূল্য ১,৩৫৬ টাকা। সে হিসাবে সিলিন্ডারপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।
দোকানদারদের দাবি, চাহিদা বৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে তারাও বেশি দামে সিলিন্ডার কিনছেন। তবে অতিরিক্ত মূল্যে ক্রয়ের পক্ষে কোনো লিখিত কাগজপত্র বা বৈধ চালান দেখাতে পারেননি তারা।
ছোট খাবারের দোকান ও ইফতার সামগ্রী বিক্রেতারা জানান, বাড়তি জ্বালানি খরচ সামাল দিতে গিয়ে তাদেরও পণ্যের দাম সমন্বয় করতে হচ্ছে। এতে সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ পড়ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত পাইপলাইনের গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং এলপিজি বাজারে কঠোর নজরদারি নিশ্চিত করে সরকারি নির্ধারিত দামে বিক্রি কার্যকর করা হোক। অন্যথায় রমজানজুড়ে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।