
এ আর সাইফুল ইসলাম,বিশেষ প্রতিনিধি: দেশের স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ”-এর নেতৃত্বে চলমান লাগাতার অবস্থান কর্মসূচির আজ ৩৮তম দিনে উপনীত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১১ মার্চের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় সারা দেশ থেকে আগত শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ আজ আরও তীব্র আকার ধারণ করেছে।
সকাল ১০টা থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন হাজারো শিক্ষক-কর্মচারী। কর্মসূচির সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে স্পষ্ট ঘোষণা দেন—
“এমপিওভুক্তির প্রজ্ঞাপন ছাড়া রাজপথ ছাড়ার প্রশ্নই আসে না।”
যমুনা অভিমুখে ঘেরাও—পুলিশি ব্যারিকেডে উত্তেজনা
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ২টায় শুরু হয় যমুনা ঘেরাও মিছিল। কদম ফোয়ারা পেরিয়ে পল্টন মোড় অতিক্রম করে মিছিল প্রেসক্লাবের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড তৈরি করে মিছিল থামিয়ে দেয়।
ব্যারিকেডের মুখোমুখি হয়ে শিক্ষকরা রাস্তায় শুয়ে পড়েন এবং টানা দুই ঘণ্টা ধরে ‘এমপিও চাই’, ‘প্রজ্ঞাপন চাই এখনই’—এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ নেতৃবৃন্দকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনুরোধ জানায়।
ডিসি মাসুদের হস্তক্ষেপ—যোগাযোগ শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে
টানটান উত্তেজনার মাঝে রমনা জোনের ডিসি মাসুদ আলম উপস্থিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার দপ্তরের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন। তিনি জানান-এমপিওভুক্তির কার্যক্রম চলমান রয়েছে, তাই যমুনা অভিমুখে অগ্রসর না হওয়ার অনুরোধ করা হয়।
উপস্থিত বহু শিক্ষক এই অনুরোধে আপত্তি জানান, তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা শেষে ঘোষণা দেন—
আল্টিমেটাম: আগামীকাল দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন না এলে মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির সমন্বয়কেরা ঘোষণা করেন-
“আগামীকাল দুপুর ১২টার মধ্যে এমপিওভুক্তির প্রজ্ঞাপন জারি না হলে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও করা হবে।”
এর মাধ্যমে আজকের আন্দোলন আরও এক ধাপ উচ্চমাত্রায় পৌঁছায়, এবং রাজপথে নন-এমপিও শিক্ষকদের অবস্থান আরও দৃঢ় হয়।
বক্তব্য রাখেন যারাঃ
আজকের কর্মসূচিতে বক্তব্য রাখেন-মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুছ সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মুনিমুল হকসহ বিভিন্ন জেলার সমন্বয়ক, প্রধান শিক্ষক ও প্রভাষকবৃন্দ।
সাংগঠনিক সমন্বয়ক,সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ