
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি এবিএম সিরাজুল ইসলাম এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর। বক্তারা বলেন, সমবায় হলো জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার। সমবায়ের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন সম্ভব এবং এটি জাতির সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে সফল সমবায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সেরা পাঁচটি সমবায় প্রতিষ্ঠান হলো— মেঘনির সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, চান্দিনা অগ্রনী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, চান্দিনা পশ্চিম ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি, মাধাইয়া প্রাইম শ্রমজীবী সমবায় সমিতি, ধেরেরা জনসেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। এছাড়া রিশা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর সভাপতি সজিব ঘোষ শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা পান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিগন্ত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর সভাপতি মো. জাহিদুল ইসলাম।
আলোচনায় অংশ নেন দিয়া বহুমুখী সমবায় সমিতির সম্পাদক নাছরিন আক্তার, ধেরেরা সমবায় সমিতির সভাপতি মাও. মফিজুল ইসলাম, অম্বরপুর শাপলা শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি ফারুক হোসেন এবং অগ্রনী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি পারভেজ রানা প্রমুখ। পুরো অনুষ্ঠানজুড়ে সমবায়ীদের অংশগ্রহণে ছিল উৎসবমুখর পরিবেশ ও একাত্মতার আবহ।