
মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলার টিটিরচর গ্রামের কৃতি সন্তান, মো. মোসলেহ উদ্দিনের ছোট ছেলে মো. ফজলুল করিম পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক পিএলসি’র চাঁদপুর জেলার মোহনপুর শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার মেঘনা উপজেলা প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল মোল্লা। এর আগে কর্মরত ওই শাখায় মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের চাঁদপুর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক জি. এম. নাসির উদ্দিন। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে বদলিজনিত কারণে বিদায়ী শাখা ব্যবস্থাপক মনির আহম্মেদকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
এ বিষয়ে সাংবাদিক ইব্রাহীম খলিল মোল্লা বলেন, তাঁর বোনের স্বামীর নতুন দায়িত্ব পালনে তিনি মেঘনাবাসীর কাছে দোয়া কামনা করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আশা প্রকাশ করেন, ফজলুল করিম সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে কর্মজীবনে আরও সাফল্য অর্জন করবেন।