
নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোর শহরের বেজপাড়া বনানী রোড এলাকার একটি বাড়ির দেয়াল থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, বেজপাড়া বনানী রোডের ডাস্টবিনের গলিতে এক বাড়ির দেয়ালে বোমাসদৃশ বস্তুটি দেখতে পান মহল্লা নিরাপত্তা কমিটি ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক অফিসের সভাপতি মন্তেজ আলী। বিষয়টি নজরে আসার পর তিনি দ্রুত প্রশাসনকে অবহিত করেন।
স্থানীয়রা আরও জানান, দুপুর আনুমানিক ৩টার দিকে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। খবর পেয়ে বিকেল ৫টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেল উদ্ধার করে নিয়ে যায়। তাদের দাবি, এই গলিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে আসছে। বিশেষ করে সন্ধ্যার পর গলিটিতে ছিনতাইয়ের ঘটনাও ঘটে বলে স্থানীয়দের অভিযোগ। এ কারণে দেয়ালের ওপর ককটেল পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, বিষয়টি নিয়ে তারা খোঁজ কবর নিচ্ছেন।