
এ আর, সাইফুল ইসলাম,বিশেষ প্রতিনিধি : গাইবান্ধায় আঞ্জুমান মফিদুল ইসলাম জেলা শাখার উদ্যোগে বিজয় মাস উপলক্ষে অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশি প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহায়তায় এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা পৌর শহরের ডিবি রোডে অবস্থিত আঞ্জুমান মফিদুল ইসলামের স্থায়ী কার্যালয়ে প্রথমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) একেএম হেদায়েতুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি আনোয়ারুল কাদির ফুলমিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, কোষাধ্যক্ষ খন্দকার ওমর জাহিদ খোকন, নির্বাহী সদস্য আতিক হাসান লেবু মণ্ডল, শাহাজাহান খন্দকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন,
আঞ্জুমান মফিদুল ইসলাম একটি সেবামূলক ও মানবিক সংগঠন। দীর্ঘদিন ধরে সংগঠনটি গাইবান্ধা জেলার অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে নানাবিধ সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তারা আরও বলেন, ভবিষ্যতে জেলার অসহায় মানুষদের জন্য আরও বৃহৎ পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি।
আলোচনা সভা শেষে ২৪ জন অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তির মাঝে হুইলচেয়ার ও কম্বল বিতরণ করা হয়। শীত মৌসুমে এ সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহল এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।