
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার তিতাসে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীতে একটি ট্রাক্টর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গেলে তিন নারী প্রাণ হারান এবং এক শিশু আহত হয়। শান্ত নদীর জলে গোসলরত নারীদের ওপর আকস্মিকভাবে ধেয়ে আসা এই দুর্ঘটনা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।নিহতরা হলেন—রিনা আক্তার (৩৫), রুজিনা আক্তার (৩০) ও সামছুন নাহার (৪০)। পরিবারিক সম্পর্ক অনুযায়ী, রুজিনা আক্তার ও সামছুন নাহার আপন জা, আর রিনা আক্তার তাদের ভাগনের স্ত্রী। স্থানীয়দের মতে, দুপুরে তিন নারী তিতাস নদীতে গোসল করছিলেন। ঠিক সে সময় রাজাপুরের দিক থেকে কড়িকান্দি বাজারমুখী একটি ট্রাক্টর ইমন মিয়ার বাড়ির সামনে এসে হঠাৎ ভারসাম্য হারিয়ে পাশের নদীতে পড়ে যায়। ট্রাক্টরটি সরাসরি গোসলরত নারীদের ওপর গিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই রিনা আক্তার ও রুজিনা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সামছুন নাহারকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত এক শিশুকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গোসলরত তিন নারী ও একটি শিশু ট্রাক্টরের নিচে চাপা পড়েন। এতে তিন নারী প্রাণ হারিয়েছেন এবং শিশুটি আহত হয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, সড়কে ট্রাক্টরের বেপরোয়া চলাচল রোধ ও যথাযথ নজরদারি জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।