
বিশেষ প্রতিনিধি: এ আর সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর জেলার কেন্দ্রস্থলে অবস্থিত জেলা কারাগারের প্রধান ফটক সংলগ্ন এলাকা দিন দিন অনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কারাগারের সামনের বসতবাড়িতে অবৈধ যৌন ব্যবসা ও সন্দেহজনক আনাগোনা চললেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দিনরাত কারাগারের সামনে এসব বাড়িতে সন্দেহজনক কর্মকাণ্ড চলে, যা সমাজ ও পারিপার্শ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন,
“কারাগারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে এ ধরনের কর্মকাণ্ড চলা অত্যন্ত লজ্জাজনক। আমরা বারবার অভিযোগ জানালেও কোনো ফলাফল পাওয়া যায়নি।”
অন্য একজন বাসিন্দা বলেন,“এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও আমরা উদ্বিগ্ন।”
সচেতন মহলের মতে, জেলা কারাগারের আশপাশে অনৈতিক কর্মকাণ্ড শুধু স্থানীয়দের জন্য নয়, জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্যও হুমকি। তারা দ্রুত তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের মন্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন গুরুত্ব সহকারে অভিযোগগুলো তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেবে, যাতে এলাকার সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা পুনরুদ্ধার করা যায়।