
আক্তার হোসাইন,মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা অফিস যেন ভোগান্তির আরেক নাম। দীর্ঘদিন ধরে অফিসে কোনো কর্মকর্তা না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারন সেবা- প্রার্থীরা। কর্মকর্তার অনুপস্থিতিতে প্রতিদিন শতাধিক সেবা প্রত্যাশী বিভিন্ন ভাতা, প্রতিবন্ধী ও বয়স্ক নিবন্ধন, বিধবা ভাতা ও অনুদানসহ নানা কাজে অফিসে এসে সেবা কার্যক্রম হতে বঞ্চিত হচ্ছেন।
জানা যায়, পূর্বের উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আত্মগোপনে চলে যান। এরপর থেকে পদটি শূন্য রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে হবিগঞ্জ জেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে তিনি মাসেজুড়ে মাত্র ছয় থেকে আটদিন মাধবপুর অফিসের কার্যক্রম পরিচালনা করেন। ফলে নিয়মিত সেবা-কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেবা প্রার্থীদের দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এ ব্যপারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায় বলেন, আমি সদর দপ্তরে দায়িত্বে থাকায় মাধবপুরে নিয়মিত কার্যক্রম সম্ভব হয় না।
অনেক ভুক্তভোগীদের মধ্যে একজন সেবা গ্রহীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা মাসের পর মাস বিভিন্ন কাজে আসি, কিন্তু অফিসে আসলে প্রায় সময় কোন কর্মকর্তাকে পাই না বিশেষ করে বিধবা ও বয়স্ক ভাতা নবায়ন করতে দিনের পর দিন অপেক্ষা করতে হয়।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, দ্রুত একজন স্থায়ী সমাজসেবা কর্মকর্তা নিয়োগ না দেওয়া হলে সাধারণ মানুষের দুর্ভোগে আরো বাড়বে।
তাছাড়া, সমাজসেবা অধিদপ্তর দেশের সামাজিক নিরাপত্তা, ভাতা বিতরণ ও উন্নয়নমূলক সেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু কর্মকর্তাহীনতার কারণে মাধবপুরে এ দপ্তরের কার্যক্রম বর্তমানে প্রায় অচল হয়ে পড়েছে।