
ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর)প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে ১ লক্ষ ৪২ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। এর মধ্যে ইতিমধ্যে প্রায় ১ লক্ষ ১০ হাজার শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। বাকি শিশুদেরও দ্রুত রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অংশ হিসেবে আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এডভোকেসি সভা”-তে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন।
আলোচনায় অংশ নেন কালেরকন্ঠ প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, প্রধান শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান, সমকাল ও কুমিল্লার জমিন প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, রাসেল আহমেদ, এম. জে. মামুন, আব্দুল আলীম ও স্বাস্থ্য সহকারী মো. রুহুল আমিন। স্বাগত বক্তব্য দেন ডা. সাদাত ইরতিসাম।
বক্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হন এবং এর মধ্যে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটে। বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৮ হাজার মানুষ টাইফয়েডে মারা যান। এ প্রেক্ষাপটে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু ও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।
জন্মনিবন্ধন না থাকলে টিকা পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে ডা. মহিবুস সালাম খান বলেন, অনলাইন রেজিস্ট্রেশনের সময় জন্মনিবন্ধন নম্বর প্রয়োজন হলেও যেসব শিশুর জন্মনিবন্ধন নেই, তারা টিকাদান কেন্দ্র ও বিদ্যালয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের সহায়তায় টিকা নিতে পারবে।