
মো. মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে ভয়াবহ চিত্র উঠে এসেছে। এ বছরের পরীক্ষায় বোর্ডের অধীনে থাকা ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল প্রকাশ করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল আলম। ফলাফলের বিশ্লেষণে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের ৬টি জেলার ১৯২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৮ হাজার ৬৫৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৮ দশমিক ৮৬ শতাংশ। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩টি, লক্ষ্মীপুরের ৩টি, কুমিল্লার ২টি এবং চাঁদপুর জেলার ১টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়: নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগরের নিদ্রাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগরের চানপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। লক্ষ্মীপুরে: কমলনগরের তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, সদর উপজেলার ক্যামব্রিজ সিটি কলেজ, রামগতির সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ।কুমিল্লায়: ব্রাহ্মণপাড়া উপজেলার সাহিত্যশালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ। চাঁদপুরে: মতলব উত্তরের জিবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ। ফলাফলের এই ধাক্কার বিষয়ে বোর্ড চেয়ারম্যান প্রফেসর শামসুল আলম বলেন, “এবার শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া হয়েছে। ইংরেজিতে ফেল বেশি হওয়ায় সামগ্রিক ফলাফল খারাপ হয়েছে। পাশাপাশি ভেন্যুকেন্দ্র বাতিলের কারণে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা নিতে পারেনি। এসব কারণেই ফলাফল খারাপ হয়েছে।” প্রসঙ্গত, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন পরীক্ষার্থী।