
নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোরে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলিপুর গ্রামের প্রবাসী হাফিজুর রহমান মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (স্থানীয় সময়) সকাল ৯টার দিকে মালয়েশিয়ায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হাফিজুর রহমানের মৃত্যু হয়। তিনি ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।জানা গেছে, প্রায় ৩০ বছর ধরে হাফিজুর রহমান মালয়েশিয়ায় বসবাস ও কর্মরত ছিলেন। কয়েক বছর আগে দেশে এসে বিয়ে করার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে আবার মালয়েশিয়ায় ফিরে যান। সেখানে তাদের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, পিতা, ভাই-বোনসহ অসংখ্য স্বজন-শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুচং এলাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নেন।
পরিবার সূত্রে জানা গেছে, সকল আনুষ্ঠানিকতা শেষে আগামী সোমবার তার মরদেহ দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।এদিকে হাফিজুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঝিকরগাছার বাঁকড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিদিন তার গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন।