
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ সরকারি নির্দেশনা উপেক্ষা করে পাঠদান চালানোর অভিযোগ উঠেছে ঝিনাইদহের কোটচাঁদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালকের বিরুদ্ধে। সোমবার সকালে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে দেখা যায়।
বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসহায়ত্ব প্রকাশ করলেও ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো,এনামুল হাসান।
জানা যায়,কোটচাঁদপুর উপজেলায় ১২ টি বে-সরকারি কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। এরমধ্যে ১১ টি প্রতিষ্ঠান সরকারি নিয়ম মেনে স্কুলে পাঠদান বন্ধ রাখলেও একমাত্র সাইরাইজ প্রি-ক্যাডটের পরিচালক মফিজুর রহমান বাবু সরকারি নির্দেশনা কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে স্কুলে শিক্ষার্থীদের পাঠদান অব্যহত রেখেছেন। যা তিনি করতে পারেন না বলে জানিয়েছেন কোটচাঁদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও রেইনবো কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ শাহাজাহান আলী।
তিনি বলেন,১২ টি প্রতিষ্ঠানের মধ্যে ১১ টি প্রতিষ্ঠান ঘোষিত ছুটির প্রথম দিন থেকে বন্ধ রেখেছি। তবে সানরাইজ প্রি-ক্যাডেটে পরিচালক মফিজুর রহমান বাবু সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে সানরাইজের পরিচালক মফিজুর রহমান বাবু বলেন,সরকারি নির্দেশনা আমার জানা আছে। তবে আমি অভিভাবকদের সাথে কথা বলে স্কুলের পাঠদান অব্যহত রেখেছি। এটা আপনি করতে পারেন কি,এমন প্রশ্নে কোন উত্তর মেলেনি। উপজেলা প্রাথমিক শিক্ষ অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ বলেন, কিন্ডারগার্টেন স্কুল গুলোর সাথে আমাদের বই দেওয়া ছাড়া আর কোন সম্পর্ক নাই । এছাড়া তারা সরকারি কোন নিয়ম-নীতির তোয়াক্কা করেন না। তাদের কাছে আমরা এক প্রকার অসহায়।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার মো, এনামুল হাসান বলেন, সরকারি নীতিমালার বাইরে গিয়ে কোন প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম পরিচালনা করার সুযোগ নেই। গতকাল এ বিষয় আমাকে অবগত করেছে শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন তিনি।