
মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ শিক্ষাকে কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে আবদ্ধ না রেখে নৈতিকতা, সৃজনশীলতা ও শারীরিক সক্ষমতার সমন্বয়ে পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার প্রত্যয়ে
কুমিল্লা দেবিদ্বারে উপজেলা পরিষদ স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। ১ ফেব্রুয়ারি (রোববার) সকাল ১০ টায় বর্ণাঢ্য এই আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে পরিণত হয় শিক্ষা, সংস্কৃতি ও আনন্দের এক অনন্য মিলন মেলায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আল আমিন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও স্কুল কমিটির সহ-সভাপতি মো: ফয়সল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ হয় শ্রেণিকক্ষের পাশাপাশি খেলার মাঠ ও সাংস্কৃতিক মঞ্চে। আজকের শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হলে এ ধরনের সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। তিনি উপজেলা পরিষদ স্কুলের শিক্ষার মান ও সাংস্কৃতিক চর্চার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব দেওয়ান মো: জাহাঙ্গীর। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান তখনই পূর্ণতা লাভ করে, যখন সেখানে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চা নিয়মিতভাবে পরিচালিত হয়। উপজেলা পরিষদ স্কুল শিক্ষাক্ষেত্রে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব হারুনুর রশিদ, দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মজিবুর রহমান এবং উপজেলা পরিসংখ্যান অফিসার জনাব মোহাম্মদ আবুল কালাম। তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার অপরিহার্যতা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ক্রীড়া, নৃত্য, সংগীত, আবৃত্তি ও অভিনয়সহ নানা শাখায় অংশগ্রহণ করে তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সাবলীলভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সালমা আক্তার। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে স্মরণীয় ও মর্যাদাপূর্ণ। সমাপনী বক্তব্যে সভাপতি প্রধান শিক্ষক আল আমিন খান বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার জন্য সকল অতিথি, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও সাংস্কৃতিক উৎকর্ষ সাধনে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।