
মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার মফিজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নবীনদের বরণ ও ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল ইসলাম।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আলম ও সালমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন, এস.এ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলী ইমাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, ভিড়াল্লা এসকে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিম ভূঁইয়া এবং দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, অভিভাবক প্রতিনিধি মো. মনিরুল ইসলাম, শিক্ষার্থী খাদিজাতুর কোবরা ও তিলোত্তমা দাশ কোবরা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাকিবুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেয়েদের শিক্ষায় অগ্রাধিকার দিলে সমাজ আরও আলোকিত হবে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করেছে, তাদের মায়েদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়, যা অনুষ্ঠানে বিশেষ প্রশংসা কুড়ায়। সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়।