
মো. ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি লটারি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য সর্বমোট ৫৪০ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ২৪ জন আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফরম জমা না দেওয়ায় মোট জমাকৃত আবেদন দাঁড়ায় ৫১৬টি। নীতিমালা অনুযায়ী লটারির মাধ্যমে সাধারণ শাখায় ৩৩০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। পাশাপাশি কারিগরি (ভোকেশনাল) শাখায় ৫০ জন এবং অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকায় ১০ জনসহ মোট ৬০ জনকে নির্বাচিত করা হয়। সবমিলিয়ে লটারির মাধ্যমে মোট ৩৯০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে ভোকেশনাল শাখার শিক্ষার্থীও অন্তর্ভুক্ত রয়েছে। ভর্তি লটারির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মিনহাজুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, আইসিটি শিক্ষক মোঃ জিয়াউল হকসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা লটারি কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ রাকিবুল ইসলাম। তিনি বলেন, “ভর্তি লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের এই প্রক্রিয়া স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করে। এতে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ থাকে না।” শেষে কর্তৃপক্ষ অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।