
হাজী মু ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে প্রশাসনের নির্দেশনা অমান্য করে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং করার অভিযোগে একটি সড়ক নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করার প্রক্রিয়া চলছে।
উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ‘সুবিল ইঞ্জিনিয়ার সুজনের বাড়ি থেকে সেলিম ও তাহের পুলিশের বাড়ি পর্যন্ত’ সড়ক উন্নয়ন কাজে এ অনিয়মের ঘটনা ঘটে। এলজিইডির তথ্যমতে, ২০২৩ সালে প্রায় ৬২ লক্ষ টাকা প্রাক্কলন ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সাফি এন্টারপ্রাইজ’র নামে আওয়ামী লীগ নেতা মো. মোসলেম উদ্দিন মানিক ভূঁইয়া কাজটি পান। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর প্রায় দু’মাস পূর্বে কাজটি পুনরায় শুরু হলে দুর্নীতির চিত্র উঠে আসে।
উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান রিজন জানান, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইউএনও মহোদয়সহ নির্মাণাধীন সড়কটি পরিদর্শনে গিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার, যথাযথ রোলিং না করা এবং ত্রুটিপূর্ণ প্রাইম কোটের প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ত্রুটিপূর্ণ অংশ অপসারণ করে দরপত্রের শর্তানুযায়ী কাজ করার নির্দেশ দিয়ে কাজ বন্ধ রাখা হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সেই নির্দেশনা অমান্য করে শুক্রবার গভীর রাতে কার্পেটিং শুরু করলে খবর পেয়ে রাতেই গ্রামপুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
শনিবার (৩১ অক্টোবর) পুনরায় ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, “প্রশাসনের নির্দেশনা অমান্য করে রাতের অন্ধকারে নিম্নমানের সামগ্রী না সরিয়ে কার্পেটিং করার সংবাদ পেয়ে তাৎক্ষণিক কাজ বন্ধ করেছি। স্থানীয় কিছু অসাধু লোকের সহযোগিতায় তারা এটি করতে পারে। তবে কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানকে আজ রবিবার শোকজ করা হচ্ছে।”
ঠিকাদারি প্রতিষ্ঠান সাফি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজী মোসলেম উদ্দিন ভূঁইয়া মানিক বলেন, “কাজটি করতে গিয়ে অনেক লস হয়েছে। সড়কের কিছু অংশ পুকুরপাড়ে থাকায় রোলিং করলে মাটি দেবে যায়। কার্পেটিংয়ের জন্য তৈরি করা সামগ্রী নষ্ট হলে ব্যাপক ক্ষতি হবে, তাই রাতেই কিছু অংশে কার্পেটিং করছিলাম।”