
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিফপুর আশরাফুল উলুম আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনয়নে প্রস্তাবিত নাম পরিবর্তন নিয়ে বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ২৪ আগস্ট মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফি উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে নিয়ম অনুযায়ী আবদুল্লাহ হেল বাকীর নাম সভাপতি হিসেবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠানো হয়। তবে অভিযোগ উঠেছে, পরবর্তীতে ওই নাম বাদ দিয়ে অন্য এক ব্যক্তির নাম নতুন করে বোর্ডে পাঠানো হয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফি উদ্দিনের দাবি, শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের চাপের মুখে পড়ে তিনি নতুন কমিটি গঠন করে কাগজপত্র পাঠাতে বাধ্য হয়েছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং এটি অধ্যক্ষের নিজের কাজ। অন্যদিকে, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ ভূঁঞা জানান, শিক্ষা অফিসারের এ ধরনের কমিটি গঠনের কোনো আইনি বৈধতা নেই।
তিন পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে এডহক কমিটির সভাপতি মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।