
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ফেন্সিং ইউনিয়নের (ফেডারেশন) নবগঠিত এডহক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ক্রীড়া সংগঠক ও আড়াইহাজার ফেন্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত (জিকু)।
তিনি দীর্ঘদিন ধরে আড়াইহাজারে ফেন্সিং খেলার প্রসার ও তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরিতে কাজ করে আসছেন। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত আড়াইহাজার ফেন্সিং ক্লাব থেকে একাধিক খেলোয়াড় জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে। পাশাপাশি উপজেলার শিক্ষার্থীদের খেলাধুলামুখী করতে এবং ফেন্সিং খেলার জনপ্রিয়তা বৃদ্ধিতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের এডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় আড়াইহাজারের ক্রীড়াঙ্গনে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সফলতা কামনা করেছেন।
এ বিষয়ে মো. ইয়াছিন আরাফাত (জিকু) বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করব। দেশের ফেন্সিংয়ের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে খেলাটির বিস্তার এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শক্তিশালী নেতৃত্ব গঠনে এডহক কমিটির সদস্য হিসেবে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”