
মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপির অভিযোগের প্রেক্ষিতে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর আগে একই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী (এনসিপি) হাসনাত আব্দুল্লাহ ঋণখেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন কেন বাতিল করা হবে না—এ মর্মে নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে কমিশন তার আপিল গ্রহণ করে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়।অন্যদিকে, জোটের (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে করা মঞ্জুরুল আহসান মুন্সীর আবেদন নির্বাচন কমিশন নামঞ্জুর করেছে। ফলে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ থাকছে। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি হাসনাতের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। এদিকে, মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপি সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তার নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গত বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। বর্তমান আইনি অবস্থায় মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবীর দাবি, মঞ্জুরুল আহসান মুন্সী তার ঋণ পুনঃতফসিল করেছেন। রুল নিষ্পত্তি হলে তিনি ঋণখেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন বলেও আশা প্রকাশ করেন তারা।
শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে ব্যারিস্টার বিভূতি তরফদার এবং অপরপক্ষে আইনজীবী সাইফুল্লাহ মামুন উপস্থিত ছিলেন।