
মো. ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চক্রের মূল হোতা জাকির হোসেন পালিয়ে গেলেও তার ফেলে যাওয়া ব্যাগ থেকে আরও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে। দেবিদ্বার থানার এসআই ভবতোষ কান্তি দে জানান, তারা সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটিতে থাকা অবস্থায় ৯৯৯-এর মাধ্যমে খবর পান, জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর সিএনজি স্টেশন এলাকায় সিএনজি সমিতির কার্যালয়ে তিনজন মাদকসহ আটক রয়েছে। খবর পেয়ে তিনি ফোর্সসহ বিকাল সাড়ে ৪টায় ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. বাবুল (৫৮), মো. মোস্তফা (২২) ও মো. সিয়াম (১৯)। তাদের কাছ থেকে বাজারের একটি ব্যাগে খাকি টেপে মোড়ানো ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের স্বাক্ষরের মাধ্যমে গাঁজাটি জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারত সীমান্ত এলাকা থেকে কম দামে গাঁজা এনে দেবিদ্বার এলাকায় বেশি দামে বিক্রি করতেন। এছাড়া তাদের চক্রের মূল সদস্য মো. জাকির হোসেন (৩৫)–এর কাছেও আরও একটি গাঁজার প্যাকেট রয়েছে বলে স্বীকার করেন। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে জাফরগঞ্জ ইউনিয়নের ভিরাল্লা স্টেশন এলাকায় জাকিরকে দেখতে পায় পুলিশ। জাকির পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সে পালিয়ে যায় এবং রাস্তার পাশে একটি ব্যাগ ফেলে দেয়। ব্যাগটি উদ্ধার করে খুলে দেখা যায়, খাকি টেপে মোড়ানো আরও ৩ কেজি গাঁজা রয়েছে। সাক্ষীদের সামনে এ গাঁজাটিও জব্দ করা হয়। পলাতক জাকিরের বিরুদ্ধেও একই মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাবাসী জানান গ্রেফতারকৃত ৩জনের মধ্যে বাবুল মিয়া মাদক ব্যবসার পুরোনো খেলোয়াড়, স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত বাবুল মিয়া জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর গ্রামের স্বেচ্ছাসেবক দলের নেতা। তাকে ছাড়িয়ে আনতে কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সী’র ছেলে রেজবিউল আহসান মুন্সী ও পিএস সামিউল আলম শামীম সহ আরো অনেকে থানায় গিয়েছিলেন। অভিযোগ রয়েছে, বাবুল মিয়া একসময় কালিকাপুরের মাদকসম্রাট হিসেবে পরিচিত। ফেন্সিডিল, গাঁজা, মদসহ বিভিন্ন মাদকের বড় ব্যবসায়ী ছিলেন। বর্তমানে তিনি সিএনজি চালালেও অতীতে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ বিষয়ে এসআই ভবতোষ কান্তি দে বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা নং-১৪, তারিখ: ২৭/১১/২০২৫ ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ মামলা রুজু করেন। এসআই ভবতোষ কান্তি দে বলেন, মাদক নির্মূলে দেবিদ্বার থানা পুলিশ সর্বদা সক্রিয়। জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করেছি। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলাটির তদন্তভার গ্রহণ করেছেন এসআই অজয় চক্রবর্তী।