
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল আয়োজনের চেষ্টা চলাকালে কুমিল্লা শহর ও জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) ভোরে মহানগরীর টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকায় হঠাৎ মিছিলের প্রস্তুতির গোপন খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, ভোর ৬টার দিকে একদল ছাত্রলীগের কর্মী টমছম ব্রিজ এলাকায় ব্যানার-লাঠি হাতে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। তবে পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় তিন অঞ্চল ঘিরে ধরে ২৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ব্যানার, লাঠি ও লাইটার জব্দ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী জানান, শুধু নগরী নয়—জেলার বিভিন্ন উপজেলাতেও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সদর দক্ষিণ, দাউদকান্দি, মুরাদনগর, বাঙ্গুরা, দেবিদ্বার ও চান্দিনা থেকে একজন করে, নাঙ্গলকোট থেকে দুইজন, নগরী থেকে ২৯ জন এবং গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আরও ৭ জনসহ মোট ৪৪ জনকে ধরা হয়েছে।আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরের মধ্যে আদালতে হাজির করা হবে এবং পরবর্তীতে কুমিল্লা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ।