
চাটখিল-সোনাইমুড়ি প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গত মঙ্গলবার বিকেলে বিদেশ থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়। আটক স্বপন চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলের দিকে বিমানবন্দর পুলিশ স্বপনকে আটকের বিষয়টি চাটখিল থানাকে অবহিত করে। তাকে আনতে চাটখিল থানা পুলিশ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর লায়ন স্বপন কিছুদিন পলাতক ছিলেন। এরপর তিনি সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান। দীর্ঘদিন সেখানে অবস্থান করার পর মঙ্গলবার বিকেলে দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। স্বপনের বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে।
এস আই শফিউল ইসলাম আরও বলেন, চাটখিল থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিমানবন্দর থানা পুলিশ তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।