
মোঃ ফরহাদ, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন শ্রীপুর পৌর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নেতৃবৃন্দ। শ্রীপুর পৌর জাসাস-এর আহ্বায়ক সদস্য সিফাত হাসান ও সৌরভ সরকার-এর নেতৃত্বে আনসার রোড এলাকায় অভিযান চালিয়ে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুরের আনসার রোড এলাকায় দীর্ঘদিন ধরে জনৈক মাদক ব্যবসায়ী রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। এতে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে জাসাস নেতারা সজাগ দৃষ্টি রাখেন। আজ এলাকাবাসীকে সাথে নিয়ে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
মাদক ব্যবসায়ীকে আটকের পর শ্রীপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে জাসাস নেতা সিফাত হাসান ও সৌরভ সরকার জানান, শ্রীপুরকে মাদকমুক্ত করতে এবং সুন্দর সমাজ বিনির্মাণে তাদের এই ধরনের সামাজিক কার্যক্রম ও প্রতিরোধ আগামীতেও অব্যাহত থাকবে। তারা তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান। এবং শ্রীপুর পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মামুন আকন আমাদেরকে সর্বত্র সহযোগিতা করেছেন বলে আজ এই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরতে পেরেছি ।
শ্রীপুর থানা পুলিশ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। এলাকাবাসী জাসাস নেতাদের এই সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।