
নিজস্ব প্রতিবেদকঃ আড়াইহাজারের শীর্ষ মাদক ব্যবসায়ী ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য রনি ভূঁইয়াকে আটক করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ মেঘনা নদীর দাউদকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, আটককৃত রনি ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং হাসান ভূঁইয়ার পুত্র। তিনি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হিসেবে সক্রিয় ছিলেন এবং একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। র্যাব জানায়, তাকে গ্রেফতারের জন্য একটি চৌকস দল দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।
অবশেষে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-১১ তাকে আটক করতে সক্ষম হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।