
নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে সামনে রেখে শহরকে যানজটমুক্ত রাখতে যশোর পৌরসভা ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেছে। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এই অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত) শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড় থেকে অভিযান শুরু হয়। এরপর এমকে রোড হয়ে দড়াটানা পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট ও সাইনবোর্ড অপসারণ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন যশোর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। প্রথম দফার অভিযানে শতাধিক ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযানের আগাম খবর পেয়ে অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগে তাদের দোকান সরিয়ে নেন।দুপুর দুইটার পর দ্বিতীয় দফায় দড়াটানা হয়ে মুজিবসড়ক ও প্যারিস রোড এলাকায় অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।
অভিযান চলাকালে পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন বলেন, শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং পৌরবাসীর স্বাভাবিক চলাচলের পথ সুগম করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে রমজান মাসে শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই বরদাশত করা হবে না। এ অভিযানধারাবাহিকভাবে চলবে।এসময় অভিযানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও মেহেদী হাসান।