
নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: দেশ গড়তে ‘জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বাঘারপাড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে পদযাত্রা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলা গেট থেকে শুরু হওয়া পদযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাপনী জনসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বাজারে চালের দাম বাড়লেও মাঠপর্যায়ে কৃষক তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এর জন্য তিনি অসাধু চাতাল মালিক ও তাদের গড়ে তোলা সিন্ডিকেটকে দায়ী করেন। কৃষকের স্বার্থ রক্ষায় এসব সিন্ডিকেট ভেঙে দিয়ে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানান তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুশাসনভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন। সেই চেতনা ধারণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন, স্বচ্ছতা এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রায়পুর ইউনিয়নের এনসিপির চেয়ারম্যান প্রার্থী রাজিবুল ইসলাম টগর জনসভায় বক্তব্য দেন। এছাড়া এনসিপির কেন্দ্রীয় নেতা সরোয়ার তুষার, ডা. মাহমুদা মিতু, ফরিদুল ইসলাম, মনিরা শারমীন, সাকিব শাহরিয়ার, কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল ও ইয়াহিয়া জিসান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান, যুগ্ম সমন্বয়কারী আশা লতা ও সাজিদ সরোয়ার, সমন্বয়কারী বুরহান উদ্দীন ও এম. জিহাদ, বাঘারপাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী ফরহাদ হোসেন জনি ও সোহেল রানা, জেলা যুবশক্তির নেতা নুর ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের আহ্বান জানান এবং দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।