
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার (২৬ নভেম্বর) রাতে চিওড়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় অস্ত্রের উপস্থিতির খবর পেয়ে যৌথবাহিনীর একটি বিশেষ টহল দল রাতেই অভিযানে নামে। এসময় তেজের বাজার সংলগ্ন এলাকা থেকে মো. আনোয়ার (৩০) এবং মো. নাসির (২৩) নামে দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে একটি একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেওয়া নাঙ্গলকোট আর্মি ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন মাহমুদ জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রসহ আইনি প্রক্রিয়ার জন্য নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে। এ ঘটনার পর এলাকায় আতঙ্কের পাশাপাশি স্বস্তিও দেখা গেছে স্থানীয়দের মধ্যে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পেলেই আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে