
মো.ফারুক হোসাইন জনি, কুমিল্লা(উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় লাইসেন্স ছাড়া অকটেন ও পেট্রোল বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন। এ সময় সার্টিফিকেট অফিসার রবিউল ইসলাম এবং অফিস সহায়ক মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।
অভিযানে আর এস মটরস, বিসমিল্লাহ মটরস এবং মোবারক ট্রেডার্স নামের তিনটি প্রতিষ্ঠানকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)/(ঙ) ধারায় লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অকটেন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ লাইসেন্স ছাড়া বিক্রি জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ। এসব পদার্থের অনিয়ন্ত্রিত সংরক্ষণ ও বিক্রি অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন,
“বিনা লাইসেন্সে দাহ্য পদার্থ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”