
ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে মোবাইল কোর্টের বিশেষ অভিযানে পচা ও বাসি খাবার সংরক্ষণ এবং যানজট সৃষ্টি করার দায়ে তিনটি হোটেল ও একটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ০৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে দেবিদ্বার পৌর এলাকার আজগর হোটেল, ছাবরিয়া হোটেল ও কালাম হোটেল-এ ফ্রিজের ভিতর পচা ও বাসি রান্না করা খাবার সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এর প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ৩টি পৃথক মামলায় মোট ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সড়কে যানজট সৃষ্টি করায় ফারহানা পরিবহনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৭ ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ বলেন, জনস্বার্থে ও ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। কেউ যেন ভোক্তার অধিকার বা জননিরাপত্তা বিঘ্নিত না করে—সেই লক্ষ্যেই আমরা নিয়মিতভাবে তদারকি চালিয়ে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে অনেকেই। প্রশাসনের এ ধরনের তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে এবং বাণিজ্যিক অনিয়ম কমে আসবে।