
গাজীপুর জেলা প্রতিনিধি,শরিফুল ইসলাম:জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৪ জুলাই) বিকেলে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভবানীপুর বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
গাজীপুর সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মোহাম্মদুল্লাহ, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান এবং ডা. আকবর আলী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। তিনি দাবি করেন, পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি অভিযোগ করেন, নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন দিলেও নানা ষড়যন্ত্রের কারণে দলটিকে সরকার গঠনের সুযোগ দেওয়া হয়নি।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে জনগণের দেওয়া রায় এখনো বাস্তবায়ন করা হয়নি। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, মানবতাবিরোধী হত্যাকাণ্ডের বিচার এবং ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বিপুল সংখ্যক জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মী অংশ নেন।