
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত হাছেন আলীর ছেলে আমির হোসেন বাদী হয়ে একই এলাকার রবিন (২৩), হারুন (৪০), আজিজ ভান্ডারী ওরফে বাতেন (৫৫), আ. সোবান (৬৫), রোকসানা (২৮), সামসুল হক (৩৫) ও হালিমা (৬০) অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীগন দীর্ঘদিন ধরে রাস্তা ও জমি সংক্রান্ত বিরোধে জড়িত রয়েছেন। এ নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও বিবাদীরা তা উপেক্ষা করে আমির হোসেনকে নিয়মিত হুমকি ও গালিগালাজ করে আসছিল। আমির হোসেন অভিযোগে আরও বলেন, গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে তিনি স্থানীয় কামালের দোকানে বসে থাকাকালে পূর্বপরিকল্পিতভাবে উল্লিখিত ব্যক্তিরা দা, লাঠি, লোহার রড ও মোটরসাইকেলের চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”