
হাজী মু ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে স্থানীয় যুব সংগঠনের নেতৃবৃন্দ, প্রশিক্ষিত যুবক-যুবতী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে। যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর জোর দিতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জামায়াতের কুমিল্লা (উ:) জেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার ও অধ্যাপক লোকমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও জনস্বাস্থ্য উপ-প্রকৌশল কর্মকর্তা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্যোক্তা ও সংগঠক “আমার গ্রাম আমার দায়িত্ব” সংগঠনের সভাপতি সাংবাদিক এ,আর আহমেদ হোসাইন, উদ্যোক্তা শিরিন আক্তার, গোলাম রাব্বানী, মো. রমিজ উদ্দিন ও মো. আবুল কাসেম প্রমুখ।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৩১ জন প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মী ও তরুণ উদ্যোক্তার মাঝে সহজ শর্তে এক লক্ষ টাকা করে মোট ৩১ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ ছাড়া যুব দিবস উপলক্ষে আগামী ৭ দিন সফল যুবকদের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ, মাদক বিরোধী র্যালি ও সামাজিক সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে