
হাজী মু ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি:কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য আয়োজনে এবং ব্যাপক প্রচারণার লক্ষ্যে “ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ” বিষয়ক এক বিশেষ অবহিতকরণ প্রেস ব্রিফিং ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় দেবিদ্বার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক কুমার চাকমা।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌরসভা বিএনপির সেক্রেটারি আনোয়ার হোসেন পাঠান ভূলু। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিববৃন্দ, এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের নারী ক্ষমতায়ন, নারীর অধিকার, সমতা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতকরণের অংশ হিসেবে পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের এই যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আজ ১২ অক্টোবর ২০২৬ তারিখ থেকে দেশব্যাপী একযোগে সকল এলাকার “খানা( একটি পরিবারের ৫ জন)/পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। দেবিদ্বারেও অত্যন্ত সুশৃঙ্খলভাবে বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহের কাজ পরিচালিত হবে।
উপস্থিত কর্মকর্তারা জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক হালনাগাদকৃত পিএমটি (PMT) পদ্ধতিতে দেশের সকল পরিবারের আর্থ-সামাজিক প্রেক্ষাপট ৫টি কোয়ান্টাইলে বিভাজন করা হয়েছে। পিএমটি স্কোর অনুযায়ী ১মন, ২য় ও ৩য় কোয়ান্টাইলভুক্ত (নিম্ন স্কোর প্রাপ্ত পরিবার) নারী পরিবার প্রধানগণ এই ফ্যামিলি কার্ড ও ভাতার আওতাভুক্ত হওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন। সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির সহায়তায় বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে এই তথ্য সংগ্রহ করা হবে এবং তা সরাসরি অনলাইন ডাটাবেজে ইনপুট দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডটি Dual Chip, QR Code ও Near Field Communication (NFC) সুবিধা সম্বলিত হবে, যার মাধ্যমে উপকারভোগীরা ব্যাংকের এটিএম বুথ, এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (MFS)-এর মাধ্যমে সহজেই টাকা উত্তোলন করতে পারবেন।
অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা প্রকল্পটির শতভাগ স্বচ্ছতা ও সঠিক তথ্য উপাত্ত নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মী, ইউনিয়ন সচিব এবং সংবাদকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।