1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরার শ্যামনগরে জেলে কার্ডের ৮০ কেজি চাল বরাদ্দে, মিলছে ৩৫ কেজি

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৮ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে নিবন্ধিত জেলেদের জন্য বরাদ্দ সরকারি মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দ অনুযায়ী জনপ্রতি ৮০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেক জেলেকে ৩৫ কেজি করে চাল দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জেলেরা।
একই সঙ্গে ট্যাগ কর্মকর্তার অনুপস্থিতিতে চাল বিতরণের অভিযোগ করেছে। সরকারি বরাদ্দ অনুযায়ী ৭৬০ জন নিবন্ধিত জেলের প্রত্যেকের জন্য ৮০ কেজি করে চাল দেওয়ার কথা। সে হিসাবে মোট বরাদ্দ দাঁড়ায় ৬০ হাজার ৮০০ কেজি। কিন্তু অভিযোগ অনুযায়ী জনপ্রতি ৩৫ কেজি করে দেওয়া হলে প্রত্যেক জেলে ৪৫ কেজি করে কম পান। ৭৬০ জনের ক্ষেত্রে এই ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৩৪ হাজার ২০০ কেজি বা ৩৪ দশমিক ২ মেট্রিক টন। স্থানীয় সূত্রে জানা যায়, মাছের প্রজনন মৌসুম উপলক্ষে জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস সুন্দরবনে পাস-পারমিট বন্ধ থাকায় নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ সময়ে জেলেদের সহায়তার জন্য মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭৬০ জন নিবন্ধিত জেলের প্রত্যেকের জন্য ৮০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। তবে বরাদ্দের চাল পাস-পারমিট বন্ধের সময় বিতরণের কথা থাকলেও গত শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে চাল বিতরণ শুরু হয়। চাল নিতে আসা কয়েকজন জেলে অভিযোগ করেন, বরাদ্দের ৮০ কেজির পরিবর্তে তাদের ৩৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ সময় তাদের জানানো হয়, বরাদ্দের চাল কম এসেছে। ফলে একজনের বরাদ্দের চাল দুইজনকে ভাগ করে দেওয়া হচ্ছে।
মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলে মো. আফছার আলী তরফদার, মো. রফিকুল ইসলাম ও শফিকুল শেখ বলেন, “আমাদের ৮০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু ৩৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। বলা হচ্ছে, চাল কম এসেছে। আমরা সরকারি বরাদ্দ অনুযায়ী পুরো চাল চাই।
জেলে আলমগীরের অভিযোগ, প্রকৃত জেলেদের পাশাপাশি অন্য পেশার লোকজন এবং চেয়ারম্যানের আত্মীয়-স্বজনদেরও চাল দেওয়া হয়েছে। ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজল সরদারের বিরুদ্ধে ও একই ধরনের অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরকারি নিয়ম অনুযায়ী ট্যাগ কর্মকর্তার উপস্থিতিতে চাল বিতরণের কথা থাকলেও গত শনিবার সরকারি ছুটির দিনে ট্যাগ কর্মকর্তার অনুপস্থিতিতে চাল বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টুর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন জেলেরা।
ট্যাগ কর্মকর্তা মিনা হাবিব বলেন চেয়ারম্যান আমাকে চাল বিতরণের জন্য ফোন করেছিলেন। কিন্তু শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় এবং আমি অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারিনি। তবে আমি বলে দিয়েছি, কোনো ধরনের অনিয়ম যেন না হয়। অনিয়ম হলে এর দায় চেয়ারম্যানকে নিতে হবে। বিষয়টি নিয়ে আমি মৎস্য কর্মকর্তার সঙ্গেও কথা বলছি।
‘চাল কম দেওয়ার সুযোগ নেই। উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান বলেন, ৭৬০ জন বিএলসি ও মৎস্য কার্ডধারী জেলের জন্য জনপ্রতি ৮০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের পরিমাণ অনুযায়ী চাল বিতরণ করতে হবে। চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। চেয়ারম্যান চাল কম দিয়ে থাকলে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে আলোচনা করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, “বিষয়টি আমরা স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে জেনেছি এবং বিভিন্ন পত্র-পত্রিকায় দেখেছি। সেখানে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হচ্ছে। সরেজমিনে গিয়ে তদন্ত করা হবে। অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park