
মোঃ ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মির্দ্দাপাড়া গ্রামে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সেনা সদস্য কর্পোরাল মীর বোরহানউদ্দিনের বাড়িতে হানা দিয়ে নগদ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
পারিবারিক সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর রাতে অজ্ঞাতপরিচয় চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চুর চক্ররা ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা এবং আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
চুরির সংবাদ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামান শামীম মোল্লা। তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হইছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।