
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ক্রয়কৃত জমি ও বসতবাড়ি জবরদখলের অপচেষ্টা, লুটপাট এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম (৪৮)। সোমবার ৪ মে, শ্রীপুর মডেল থানায় দায়েরকৃত লিখিত অভিযোগের সূত্রে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম জানান, তিনি শ্রীপুর থানাধীন টেপিরবাড়ী মৌজায় ৫.২৫ শতাংশ জমি ও তিনতলা ভবনসহ সম্পত্তি বিগত ২৭/১১/২০১৭ ইং তারিখে ১,২৩,৫৫,০০০/- (এক কোটি তেইশ লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা মূল্যে বায়না ও পরবর্তীতে দলিলমূলে ক্রয় করেন। উক্ত জমিতে তিনি দীর্ঘ ৭ বছর যাবৎ নামজারি ও খাজনা পরিশোধ করে সপরিবারে বসবাস করে আসছেন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, জমির পূর্ববর্তী মালিকের ওয়ারিশগণ এবং বিবাদী মো. আল আমিন ও তার সহযোগীরা অবৈধভাবে উক্ত সম্পত্তি পুনরায় দাবি করে আসছেন। জাহাঙ্গীর আলম জানান বিবাদীরা বিভিন্ন সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সালিশের মাধ্যমে ২০ লক্ষ টাকা দাবি করেন।
দাবিকৃত টাকা না দিলে বাড়িতে হামলা, ভাঙচুর এবং মালামাল লুটের হুমকি দেওয়া হয়।
বিবাদীরা ভুক্তভোগীকে তার নিজ বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য অব্যাহত চাপ প্রয়োগ করছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
জাহাঙ্গীর আলম আরো বলেন আমি সারাজীবনের উপার্জিত অর্থ দিয়ে এই জমি ও বাড়ি ক্রয় করেছি। বিবাদীরা প্রভাবশালী হওয়ায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা যেকোনো সময় বড় ধরনের ক্ষতি বা মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে।”
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন জানান যেন দ্রুত তদন্ত সাপেক্ষে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তার জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হয়।