
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বহর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিচারের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে স্থানীয় গিলাশ্বহর এলাকায় ভুক্তভোগী সাধারণ মানুষ এই প্রতিবাদ সভার আয়োজন করেন।
নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠেছে জনতা
মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামীমের ছত্রছায়ায় এলাকায় একটি শক্তিশালী সন্ত্রাসী ও চাঁদাবাজ সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন আজিজুল, হৃদয়, রাকিবুল, রাশিদুল, কলু, মুর্শিদ, কবির, হুমায়ুন এবং সামসুদ্দিনসহ আরও অনেকে।
ভূমিহীনদের ওপর জুলুম ও চাঁদাবাজি
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় কোনো ভূমিহীন বা সাধারণ জমির মালিক নিজের জায়গায় বসতবাড়ি নির্মাণ করতে গেলেই এই চক্রটিকে মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। চাঁদা দিতে অস্বীকার করলে জমির মালিকদের ওপর নেমে আসে অমানুষিক শারীরিক নির্যাতন ও হুমকি। দীর্ঘদিন ধরে চলে আসা এই অত্যাচারে এলাকার সাধারণ মানুষ এখন দিশেহারা।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা
মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে অভিযুক্তদের ছবিতে লাল চিহ্ন দিয়ে তাদের সামাজিকভাবে বয়কট ও বিচারের দাবি জানানো হয়। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই চক্রটি পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অবিলম্বে এসব ‘চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যুদের’ গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।