
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় আজ (২৭ জানুয়ারি) জামায়াত ইসলামের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ১০ জন নেতা ও কর্মী আহত হন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, দুপুর আনুমানিক ১২টার সময় ১ নম্বর ওয়ার্ডে জামায়াত ইসলামের নারী কর্মীরা প্রচারণায় অংশ নেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে – মোর্শেদ, খোরশেদ (পিতা: মৃত ফজর আলী), মহসিন (পিতা: অজ্ঞাত) ও ছগীর হোসেন (পিতা: মৃত ডেঙ্গুর আলী, সর্ব সাং- মোল্লারচর) – জামায়াত ইসলামের নারী কর্মীদের ওপর হামলা চালান।
সংবাদ পেয়ে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা তার উপরও আক্রমণ চালায় এবং তার সঙ্গে থাকা জামায়াত ইসলামের ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালায়।
হামলায় প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন: মেহেদী হাসান অর্ণব, মিরাজ মাহমুদ, মেহেদী হাসান অন্তর, শাকিল আহমদ, মুফতি মাহমুদ আব্বাসী, মেহেদী হাসান, কাজী মারুফ এবং মাহবুব জুবায়ের। এদের মধ্যে আট জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত মেহেদী হাসান অর্ণব এবং শাকিল আহমেদ বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে প্রশাসন দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জামায়াত ইসলামের পক্ষ থেকে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে এবং হামলাকারী দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।