
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এক বৃদ্ধ ও তার পরিবারকে পিস্তল উঁচিয়ে প্রাণনাশের হুমকি, অকথ্য ভাষায় গালিগালাজ এবং বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নজরুল ইসলাম বাদল বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন মৃধার ছেলে নজরুল ইসলামের সাথে একই গ্রামের আবু হাসনাত আয়ান নামের এক যুবকের দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত ০৭ মে ঝড়ে বিবাদীর জমিতে থাকা আকাশমণি গাছ নজরুল ইসলামের বসতঘরের ওপর হেলে পড়লে বিপত্তির সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত ঘর রক্ষা করতে নজরুল ইসলাম ডালপালা কাটতে গেলে অভিযুক্ত আয়ান বাধা দেয় এবং মারধর করতে উদ্যত হয়।
ভুক্তভোগীর দাবি, গত ০৯ মে দুপুরে আয়ান মোটরসাইকেলযোগে এসে নজরুল ইসলামকে জনসম্মুখে বুকে গুলি করে হত্যার হুমকি দেয়। একই দিন রাত ৮:৩০ মিনিটের দিকে অভিযুক্ত আয়ান তার সহযোগী ১০/১২ জন অজ্ঞাতনামা লোক নিয়ে ৭/৮টি মোটরসাইকেলে করে নজরুল ইসলামের বাড়ির গেটে হামলা চালায়। এসময় বিবাদী আয়ান হাতে কালো রঙের পিস্তল উঁচিয়ে নজরুল ইসলাম ও তার স্ত্রীকে ঘর থেকে বের হওয়ার জন্য চিৎকার করতে থাকে এবং নৃশংসভাবে খুনের হুমকি দেয়। ঘটনার সময় বাড়ির লোকজন ভয়ে আত্মগোপন করায় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।
ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, “বিবাদী অত্যন্ত দুর্ধর্ষ ও সন্ত্রাসী প্রকৃতির। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আইনের কাছে জানমালের নিরাপত্তা চাচ্ছি।”
এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।