
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর এলাকায় দোকানঘরের তালা ও শাটার ভেঙে জোরপূর্বক দখল নেওয়ার অভিযোগে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আয়েশা আক্তার নামে এক নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারীর স্বামী মো. শহিদুজ্জামান ২০০১ সালের ১৫ ফেব্রুয়ারি শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত সাফ-কবলা দলিলের মাধ্যমে গাজীপুর মৌজার ১.৭৫ শতাংশ জমি ক্রয় করেন। পরে ওই জমিতে টিনশেড দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে ভোগদখল করে আসছিলেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, একই এলাকার আবু বক্কর সিদ্দিক, আরিফ আহমদ, ফারুক আহাম্মেদসহ অজ্ঞাতনামা ৬-৭ জন বেশ কিছুদিন ধরে জমিটি নিজেদের দাবি করে এলাকায় বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা শাবল, দা, হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে এসে দোকানঘরের তালা ও শাটার ভেঙে প্রায় ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করেন এবং দোকানঘরসহ স্থাপনাটি দখলে নেন।
এ সময় অভিযোগকারী ও তার পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাধা দিতে গেলে অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা বলেন, বাধা দিলে এলাকায় রক্তারক্তি ও দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হবে।
এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপ্রীতিকর ঘটনার আশঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগটি তদন্তাধীন এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য জানা যাবে।