
গাজীপুর, প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে আদালতের স্থিতাবস্থা (Status quo) বজায় রাখার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বপন গংকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পৌরসভার বেড়াইদেরচালা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী সেলিম। একই সঙ্গে তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানোরও অভিযোগ করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, বেড়াইদেরচালা এলাকার মোহাম্মদ আলী সেলিমের সঙ্গে স্বপন গংয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে তিনি গাজীপুরের বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলা নং-২৩১/২০ দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। অভিযোগকারীর দাবি, মামলার বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
মোহাম্মদ আলী সেলিমের অভিযোগ, গত ১০ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা আদালতের নির্দেশ অমান্য করে ওই বিরোধপূর্ণ জমিতে বাড়িঘর নির্মাণের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।
তবে অভিযোগকারীর দাবি, পরদিন ১১ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা পুনরায় ওই জমিতে নির্মাণকাজ শুরু করেন। তিনি এতে বাধা দিলে তাকে খুন ও জখমের হুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ করেন তিনি। এ ঘটনায় বিরোধপূর্ণ জমিতে পুনরায় গেলে হামলা বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন বলেও থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেছেন মোহাম্মদ আলী সেলিম।
এদিকে, জমি নিয়ে বিরোধের পাশাপাশি বাদী মোহাম্মদ আলী সেলিমকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও উঠেছে। অভিযোগকারীর দাবি, চলমান দেওয়ানি মামলার বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য ও প্রচারণা চালানো হচ্ছে। এতে স্থানীয়ভাবে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পাঁচবার পুলিশ পাঠানো হয়েছে। জমিসংক্রান্ত বিষয়ে ভুক্তভোগীদের আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে অভিযুক্ত স্বপন গংয়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে ফোন দিলে তাদেরকে ফোনে পাওয়া যায়নি।