
হানিফ মাতুব্বর,স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী-কদমতলী থানার রায়েরবাগ এলাকায় রওজাতুল উলুম হাফিজিয়া নুরানি মাদ্রাসার ১২ বছর বয়সী ছাত্র নাইমের মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নিহত নাইমের পরিবারের অভিযোগ, মাদ্রাসায় পড়াশোনার সময় এর আগেও তাকে একাধিকবার শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। এমনকি একবার তার হাত ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন শিশুটির বাবা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অন্যদিকে, নিহত শিশুর চাচার অভিযোগ, কদমতলী থানা পুলিশ তাকে মাদ্রাসার ভেতরে নিয়ে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন এবং এমন একটি বক্তব্যের সাক্ষী হতে বলেন, যা তিনি নিজ চোখে দেখেননি। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
কদমতলী থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে মাদ্রাসার দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।