
নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী হরিহরনগর বাওড় জোরপূর্বক দখলের চেষ্টা, মাছ লুট এবং বৈধ ইজারাদারদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় বৈধ ইজারাদার রনি বিশ্বাস (৩২) গত ১০ জুলাই মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জোকা গ্রামের মো. তাহের হোসেন (৪৫), মো. সিরাজ (৪০) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম অনুসারে ‘ঝাঁপা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর মাধ্যমে ১৪৩১ বঙ্গাব্দের ১ বৈশাখ থেকে ১৪৩৬ বঙ্গাব্দ পর্যন্ত ছয় বছরের জন্য হরিহরনগর বাওড়ের ইজারা গ্রহণ করেন রনি বিশ্বাস ও তাঁর অংশীদাররা। এরপর থেকে তারা বাওড়টি পরিচালনা করে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বাওড়ে জাল ফেলে মাছ ধরে আসছিলেন। সর্বশেষ গত ৯ জুলাই দুপুর প্রায় ২টার দিকে ধারালো অস্ত্র নিয়ে একদল ব্যক্তি বাওড়ে প্রবেশ করে মাছ ধরা শুরু করেন। এ সময় বৈধ ইজারাদার রনি বিশ্বাস, তাঁর অংশীদার মো. সোহরাব হোসেন, মো. কামাল হোসেন ও সেখানে থাকা শ্রমিকরা বাধা দিলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দেন এবং ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ অবস্থায় ইজারাদার ও শ্রমিকরা নিরাপত্তার কারণে সরে গেলে অভিযুক্তরা বাওড় থেকে লক্ষাধিক টাকার মাছ নিয়ে যান বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, ঘটনার পর থেকে শ্রমিক ও ইজারাদাররা আতঙ্কে বাওড়ে যেতে পারছেন না। এতে বাওড়ের নিরাপত্তা ও মাছ চাষের কার্যক্রম ব্যাহত হচ্ছে।এ বিষয়ে রনি বিশ্বাস দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সরকারি জলমহালের নিরাপত্তা নিশ্চিত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।