
নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে এক মোবাইল ব্যবসায়ীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, ফ্ল্যাট দখল, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং সন্তানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে ধরে নিজের ও সন্তানের নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবিতে রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, পারিবারিক বিরোধ ও কাবিননামাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী লামিয়া ইসলামের পরিবার দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করছে। কাবিননামার ২ লাখ টাকা পরিশোধে তিনি সম্মত থাকলেও, সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে সাবেক স্ত্রীর মা শাহানারা বানু ও বোন রাবেয়া ইসলাম তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করছেন।
রফিকুল ইসলামের অভিযোগ, তার নিজস্ব উপার্জনের অর্থে কেনা ফ্ল্যাট জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। ফ্ল্যাট ফেরত চাইলে ৩০ লাখ টাকা দাবি করা হচ্ছে। এমনকি ওই টাকা না দিলে তার সন্তানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি মাদক বা অবৈধ অস্ত্র দিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র চলছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি জানান, যশোর শহরের লালদিঘির পূর্ব পাশে ‘মোবাইল বাজার’ নামে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গত ১ জুলাই তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে তাকে জিম্মি করার চেষ্টা করেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরবর্তীতে ১৩ জুলাই বড়বাজার এলাকায় তার বাবার ব্যবসাপ্রতিষ্ঠান ‘আরিফ ভান্ডার’-এও হামলার ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং গত ২০ জুলাই আদালতের মাধ্যমে আবেদন করেছেন। বর্তমানে বিষয়টি আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানার ওসির তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে।রফিকুল ইসলাম বলেন, ব্যবসায়িক পুঁজি ও ফ্ল্যাট কেনার জন্য তার নামে ব্যাংক থেকে ৪৯ লাখ টাকার ঋণ নেওয়া হয়েছে, যার সব নথিপত্র তার কাছে রয়েছে। অথচ অভিযুক্তরা ফ্ল্যাট কেনা বা ব্যবসায় কোনো অর্থ সহায়তা করেননি।সংবাদ সম্মেলনে তিনি অবাধে ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত, নিজের ফ্ল্যাট উদ্ধার এবং নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রফিকুল ইসলামের বড় ভাই শহিদুল ইসলাম, যশোর জেলা ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সভাপতি মঙ্গল শিকদার, সাধারণ সম্পাদক আদনান রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কংকন কুণ্ডু, সদস্য রায়হান ইসলাম, আবু সাঈদ, আমিরুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ীরা।