
কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ-কুমিল্লার মেঘনা উপজেলায় মহিলা বিষয়ক কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল ২০২৬ইং তারিখে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা মান্নানের ছেলে শাহ আলম মেঘনা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর এমদাদ হোসেনসহ একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে জোরপূর্বক তার ক্রয়কৃত জমিতে একটি একচালা ঘর নির্মাণ করে দখল নেয়।
ভুক্তভোগী শাহ আলম বলেন, “আমার নিজস্ব ক্রয়কৃত জমিতে অন্যায়ভাবে ঘর নির্মাণ করা হয়েছে। জালিয়াতির মাধ্যমে অন্যের জমি দখল করা এই চক্রের নিয়মিত কাজ।”
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত এমদাদ হোসেন বলেন, “এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটি তাদের পারিবারিক বিরোধের ফল, শাহ আলম দৌলত দারোগার ছেলে, তার বাবা ছিল রাজাকার। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
এ বিষয়ে মেঘনা থানার তদন্তকারী কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।