
খান মোঃ রফিকুল ইসলামঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদালতে দায়ের করা একটি মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
থানা সূত্রে জানা যায়, জিডি নং–৫১৭ (তারিখ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬) এবং ট্র্যাকিং নং ORYB7L অনুযায়ী মিজমিজি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা হাসান কবির বিল্টু লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ফতুল্লা থানার মাহমুদপুর এলাকার মোঃ তাসনিন (২৩) দীর্ঘদিন ধরে তাকে মামলা প্রত্যাহারের জন্য ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন।
জিডিতে আরও বলা হয়, ১১ মে ২০২৫ তারিখে তার ১৭ বছর বয়সী মেয়ে সাদিয়া আক্তার মীমের মৃত্যুর ঘটনায় তিনি সিদ্ধিরগঞ্জ আমলী আদালতে মোঃ তাসনিনের বিরুদ্ধে পিটিশন মামলা (নং–১৮১/২৫, ধারা ৩০৬, পেনাল কোড ১৮৬০) দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে মিজমিজি দক্ষিণপাড়ায় ভুক্তভোগীর বাসার সামনে এসে মামলা তুলে নেওয়ার জন্য সরাসরি চাপ সৃষ্টি করা হয়। অভিযোগে বলা হয়, মামলা প্রত্যাহার না করলে সুযোগ পেলে খুন-জখম করার হুমকিও দেওয়া হয়।
বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বজলুর রহমান বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”