
এ আর সাইফুল ইসলাম,বিশেষ প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে বিচারবহির্ভূত ও পৈশাচিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে ঘটনায় সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক শোক ও প্রতিবাদ বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন,
গতরাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালায়, যার ফলশ্রুতিতে তার মৃত্যু ঘটে।
তিনি বলেন,
“নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা কোনোভাবেই দেশের জন্য শুভ নয়। এটি রাষ্ট্রের প্রচলিত আইন, মানবাধিকার ও ন্যায়বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননা।”
বিএনপি মহাসচিব আরও বলেন,
“অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেকোনো অপরাধের বিচার বিচারিক আদালতের মাধ্যমেই হওয়া জনগণের প্রত্যাশা। কিন্তু কাউকে গ্রেপ্তার করে নির্যাতনের মাধ্যমে হত্যা করা কখনোই আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন,
“জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে অস্ত্র উদ্ধারের অজুহাতে ধরে নিয়ে গিয়ে যে নির্মম নির্যাতন চালানো হয়েছে, তা দেশের মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়।”
এ ঘটনাকে লোমহর্ষক ও মর্মান্তিক আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন,
“এই পৈশাচিক ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সেনাপ্রধানের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”
তিনি অবিলম্বে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানান।
শোকবিবৃতির শেষাংশে বিএনপি মহাসচিব শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।