
মোঃ ইয়াছিন আরাফাত, সিনিয়র রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজীরটেক গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আছমত আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রোবেলের পিতা। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭–৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য ও পূর্ব বিরোধের জের ধরে ছানাউল্লাহ গং ও রোবেল গংদের মধ্যে উত্তেজনা চলছিল। রোববার সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষের সময় রোবেলের পিতা আছমত আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ছানাউল্লাহ, তার স্ত্রী, ভাইসহ অপর পক্ষের কয়েকজন রয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয়রা জানান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।