
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিইউজে যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে “জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও শহীদ সাংবাদিক পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্টিত হয়।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,”আমি আজ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই এই মঞ্চ থেকে—তিনি নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য। এটা অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ।”
এসময় তিনি আরও বলেন, “আমরা আশা করি, নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে সকল প্রস্তুতি সম্পন্ন করে এমন একটি নির্বাচনের পরিবেশ তৈরি করবে, যা অবাধ, নিরপেক্ষ এবং সর্বজনগ্রহণযোগ্য হবে।”